কোটা সংস্কার আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন রাশেদ খাঁন। পরে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের একাংশ) আসনে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন।
নতুন এই নিয়োগের মাধ্যমে রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলে সমন্বয় ও রাজনৈতিক কার্যক্রমে সহায়তার দায়িত্ব পালন করবেন।

স্টাফ রিপোর্টার 
























