মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত রুকনদের সদস্যপদ স্থগিতের দলীয় সিদ্ধান্তের জেরে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন মাস্টার।
বুধবার (২২ জুলাই) ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এ ঘোষণা দেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিতের ধারাবাহিকতায় প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করে আসছেন।
এদিকে গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিতের পর ফুলপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন এসেছে। ভারপ্রাপ্ত আমির হিসেবে জাকির হোসেন মাস্টারের দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

স্টাফ রিপোর্টার, ফুলপুর 



















