কাশ্মীরের পেহেলগাঁও হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার রাতেও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। টানা অষ্টম রাতের মতো এমন সংঘর্ষ চললেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী বিনা উসকানিতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এ সময় ভারতীয় বাহিনীর পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়।
যদিও ভারতীয় গণমাধ্যম পাকিস্তানকে দায়ী করলেও, বৃহস্পতিবার রাতের ঘটনার বিষয়ে ইসলামাবাদ কিংবা দেশটির সংবাদমাধ্যমগুলো এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ জন প্রাণ হারানোর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন চরমে উঠেছে। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে।
এনডিটিভির আরও দাবি, গত ২৪ এপ্রিল রাতে ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে গোলাগুলির ঘটনা শুরু হয়। এই সংঘর্ষ ধীরে ধীরে বিস্তৃত হয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সীমান্তের পারগওয়াল সেক্টর পর্যন্ত পৌঁছে, যা জম্মু জেলার অন্তর্গত।

























