ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানকে “সর্বোচ্চ সংযম” দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দফতর থেকে এই আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি জানায়, হামলার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মিরের পর্যটননগরী পেহেলগামে, যেখানে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা এবং একজন নেপালের নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, “মহাসচিব পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং এতে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান— উভয় পক্ষকে আমরা সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি, যাতে পরিস্থিতি আরও ঘোলাটে না হয়।”
তিনি আরও জানান, গুতেরেস এখনো ভারত বা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। তবে জাতিসংঘের বিশ্বাস, যেকোনও বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
এদিকে, ভারতের পক্ষ থেকে ১৯৬০ সালের সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণার প্রেক্ষিতে জাতিসংঘ বলেছে, উত্তেজনা আরও বাড়তে পারে এমন কোনও পদক্ষেপ জাতিসংঘ সমর্থন করে না। সংস্থাটি পরিস্থিতি শান্ত রাখতে দুই দেশকেই সংযমী থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক ব্রিফিংয়ে বলেন, “দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কাশ্মির বা জম্মু নিয়ে আমরা কোনো অবস্থান নিচ্ছি না।”


























